আলোচিত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সুরির মরদেহ উদ্ধার

২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় বিমান থেকে ভিডিও ধারণ করে আলোচনায় আসা বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাওসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে তাওসিফ সুরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের সেই আলোচিত ভিডিওটি তিনিই ধারণ করেছিলেন। যদিও নৌ পুলিশের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।
এর আগে একটি টকশোতে বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার কারণ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনার ভিডিও প্রচার করার কারণেই কি আপনাকে বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? টকশোতে এমন এক প্রশ্নের জবাবে তাওসিফ সুরি বলেন, “হতে পারে। যে ঘটনাগুলো ওই সময় ঘটেছিল তা আমি বলবো না, আমার কিছু অপারগতা আছে। মনে হয় এই অভিযোগ কারণে তারা এটা করেছে।”
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকে। ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনো মরে না, তাওসিফ। আমি শোকাহত নই—আমি স্তম্ভিত ও ক্ষুব্ধ। সেই আগুন যেন আমরা ধরে রাখতে পারি, যে আগুন তুমি নিজেই সব সময় ধারণ করতে।’











-f945a3-256x144.webp)
-cb4383-256x144.webp)

