মন্দিরে মন্দিরে সোনা চুরি, চক্রের ‘হোতা’ দম্পতি গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মন্দিরে সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার দম্পতি ও আরেকজন। ছবি: ডিএমপির সৌজন্যে
মন্দিরে সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার দম্পতি ও আরেকজন। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে সোনার অলংকার চুরির একটি চক্রের মূল হোতা হিসেবে এক দম্পতিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই চক্রের সঙ্গে জড়িত দুই সোনার দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টোর রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

গ্রেপ্তার দম্পতি অর্ণব রায় ও তার স্ত্রী লিপি কর্মকার। গ্রেপ্তার বাকি দুজন হলেন— দক্ষিণখান এলাকার সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিন ও আরেক জুয়েলারির দোকানি জাকারিয়া ইসলাম।

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, রমনা কালীমন্দির থেকে মা কালীর বিগ্রহের জিহ্বায় রাখা সোনা চুরির ঘটনায় তদন্তে নেমে এই দম্পতির সন্ধান পায় পুলিশ। মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার গায়ে থাকা অলংকার চুরি করতেন তারা। রমনা কালীমন্দির ছাড়াও আরও দুটি মন্দিরে চুরির ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ৭ অক্টোবর সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে শাহবাগের রমনা কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ করেন। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরখান থানার দোবাদিয়া এলাকা থেকে অর্ণব রায় ও লিপি কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় এই দম্পতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অর্ণব ও লিপির দেওয়া তথ্য অনুযায়ী রমনা কালীমন্দির থেকে চুরি যাওয়া সোনার পাত দক্ষিণখান এলাকার সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পরে মুহিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে সোনা চুরির ঘটনায় রমনা থানায় মামলা হয়। জিজ্ঞাসাবাদে অর্ণব ও লিপি সে ঘটনাতেও তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ওই মন্দিরের অলংকার তারা বিক্রি করে দিয়েছেন। ওই অলংকার কিনেছিলেন জাকারিয়া ইসলাম নামের এক সোনার দোকানি, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারুক হোসেন বলেন, নারায়ণগঞ্জের একটি মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার সোনার চেন চুরির চেষ্টার অভিযোগও রয়েছে অর্ণব রায়ের বিরুদ্ধে। অর্ণব-লিপি দম্পতি আরও কোনো চুরিতে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement