বিটিভিকে খবরের গুরুত্ব-প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির

সংবাদ প্রচারের ক্ষেত্রে খবরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে কমিটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিভির উদ্দেশ্য বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে পরিণত হওয়া নয়। রাষ্ট্র ও সমাজের প্রতি ‘দায়বদ্ধ’ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করাই এর মূল লক্ষ্য। এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে একাত্তরের মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেয় কমিটি। এ ছাড়া বিটিভি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে ‘অনৈতিকভাবে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকা উপস্থাপনের কথাও বলা হয়।
মন্ত্রণালয়ের অধীন সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি আসন্ন দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বৈঠকে উপস্থিত সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সংসদ সদস্য আশরাফ উদ্দিন, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, শফিকুল ইসলাম ও নাজমুন নাহার।


















-303245-256x144.webp)
