তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির সরকার-জনগণ: চীনা রাষ্ট্রদূত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মে ২০২৬, ১৯: ০৬
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত নৈশভোজে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে আলাপচারিতায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য অতিথি। ছবি: সংগৃহীত
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত নৈশভোজে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে আলাপচারিতায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য অতিথি। ছবি: সংগৃহীত

চীনের সরকার ও জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিএনপির সাম্প্রতিক চীন সফর শেষে গত বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নৈশভোজে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপির সাম্প্রতিক চীন সফর ঘিরে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতেও এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলকে চীনে আমন্ত্রণের জন্য দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'লুক ইস্ট পলিসি' এবং এই সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে দুই দেশের মধ্যে শিল্প-সাহিত্য, বাণিজ্য, অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে চীন বরাবরের মতো পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

নৈশভোজে বিএনপি প্রতিনিধি দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ও শীর্ষ নেতৃবৃন্দ।

অন্যদিকে, চীনা প্রতিনিধি দলে ছিলেন মিশনের উপপ্রধান ড. লিউ ইউয়িনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement