ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক আমির খসরু আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
 আমির খসরু।
আমির খসরু।

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক প্রতিবেদক আমির খসরু মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আমির খসরু। কর্মজীবনে তিনি সংবাদ, দৈনিক খবর ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ‘আজকের বুধবার’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি।

আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহের জানাজা আজ রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ২০২২ সালের ১৬ মে পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে আমির খসরুর মা সেতারা হালিমের (৭৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইতলা ওই বাড়িটির দ্বিতীয় তলায় তিনি একা থাকতেন। পরিবারের অভিযোগ ছিল, দুর্বৃত্তরা আগের রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement