স্থানীয় সরকার নির্বাচন ও দুর্নীতি ইস্যুতে সংসদে উত্তাপ ছড়ালেন রুমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সংসদ অধিবেশনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: টিভি থেকে

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং সেই নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না— সংসদ অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে মির্জা ফখরুল যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে জানালেও তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুটি এড়িয়ে গেছেন।

এ ছাড়া দুর্নীতি ইস্যুতেও উত্তপ্ত বক্তব্য রেখেছেন স্বতন্ত্র এই সংসদ সদস্য। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন অধ্যাদেশ বিএনপি সরকারের পাস না করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, দুদককে শক্তিশালী করা হলে সরকারগুলো ভয় পায়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যের জবাব দেন। বলেন, সরকার শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গঠন করতে বদ্ধপরিকর

সোমবার (১৫ জুন) বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে সম্পূরক মঞ্জুরি দাবির ওপর দেওয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বক্তব্য দেন রুমিন ফারহানা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম চলছিল।

রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, উনার কাছে আমার প্রশ্ন— আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ— এই নির্বাচনগুলো কবে হবে?

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। অথচ গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো... এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এরপরও কিন্তু আমরা এ বিষয়ে কিছু জানতে পারি নাই।

রুমিন আরও বলেন, আমাদের সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম, এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

রুমিন বলেন, এ কারণেই মন্ত্রীকে আজ পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি— এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কখনো শুনছি পারবে না। কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এ বিষয়গুলো যদি মন্ত্রী পরিষ্কার করতেন।

পরে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মধ্যে আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি তাদের আশ্বস্ত করতে পারি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আপনার আমরা সিদ্ধান্তে একমত হয়েছি, সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব।

এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, ‘(আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিলে) কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের.... কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।’

‘দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলা’

বক্তব্যে দুর্নীতি নিয়েও বক্তব্য দেন রুমিন ফারহানা। মন্ত্রণালয়ের এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম, বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা কোন দুটি। দেখলাম, এক নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, দুই নম্বরে আছে আমলা। কোনো রাজনীতিবিদ যখন পেশা হিসেবে লেখেন রাজনীতি, তখন আমি সঙ্গত কারণেই খুব অবাক হই। রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতো দেশেই সম্ভব, যে দেশটি ২০০৫ সাল থেকে শুরু করে ২০১০ পর্যন্ত টানা পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির কথা বক্তব্যে তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার এই সংসদ সদস্য। এ ইস্যুতে বিএনপি সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫ তৈরি করেছিল। এই সরকার ক্ষমতায় আসার পর শতাধিক অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুদক সংশোধন অধ্যাদেশ আইন করা হয় নাই।

‘সরকারের নিয়তটা কী, তা এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখা থেকে বোঝা যায়। এখান থেকে বের না হবার উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যায়, এই সরকার আসলে দুর্নীতি দমন করার বিষয়ে কতটুকু আন্তরিক। দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায়, কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায়, তখন রাজনীতিবিদ ও আমলাদের জন্য খুব ভালো খবর সেইটা নয়,’— বলেন রুমিন ফারহানা।

তিনি আরও বলেন, ‘সে কারণেই ঠিক যেভাবে একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নাই, একইভাবে আমরা দেখতে পাচ্ছি, অভ্যুত্থান-পরবর্তী সরকারও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে মোটেও আন্তরিক নয়।’

রুমিন ফারহানার দুদক নিয়ে দেওয়া এমন বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দুর্নীতি সব জায়গায় হয়, মাননীয় স্পিকার। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদদের হয়। কিন্তু যতগুলো সই হয়, শেষে রাজনীতিবিদের সই করতে হয়। এজন্য সব দোষ তার।’

দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে দুর্নীতি দমন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

৯ ঘণ্টা আগে

আমিরাতে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানে

১০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে দেখছে এবং এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানাল বিআরটিএ

বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

১০ ঘণ্টা আগে