টানা ৫ দিনের বৃষ্টিতে কমবে গরম, কয়েক জেলায় ভারী বর্ষণের শঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঝড়। প্রতীকী ছবি
ঝড়। প্রতীকী ছবি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের এই ধারা টানা পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এতে চলমান মৃদু তাপপ্রবাহের অবসান ঘটবে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

রোববার (৫ জুলাই) প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়বে তাপমাত্রায়। বর্তমানে রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গায় যে মৃদু তাপপ্রবাহ চলছে, তা আজই প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে।

আগামী সোমবারও বৃষ্টির একই প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণ, উত্তর-পূর্ব ও উপকূলীয় বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এদিন তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।

মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তার আরও বাড়বে। তখন দেশের আট বিভাগেই অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও কিছুটা কমলেও বুধবার ও বৃহস্পতিবার তা মোটামুটি স্থিতিশীল থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিললেও ভারী বর্ষণপ্রবণ এলাকাগুলোতে জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement