অব্যাহত থাকবে বৃষ্টি, ফেনীতে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২: ৪৯
ফেনী শহরের প্রধান সড়কে কোমর পরিমাণ পানি। ছবি: সংগৃহীত

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা ঢলের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২০টি স্থানে ভাঙনের ঘটনা ঘটেছে। এতে ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন দেড় লক্ষাধিক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পাওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, মুহুরী নদীর ১০টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে। ফলে প্রবল স্রোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

বন্যার্তদের জন্য জেলার ছয় উপজেলায় ১৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, ৪৯টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১৭ লাখ টাকা।

এদিকে, টানা বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। নদ-নদীর পানি বেড়ে অনেক জায়গায় তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। কোথাও ভেসে গেছে মাছের ঘের। গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গোমতী নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে বলে জানিয়েছে পাউবো।

শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে দু’দিন ধরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো।

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বান্দরবানসহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

নোয়াখালীতে গত কয়েক দিনের অতিভারী বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা। বৃহস্পতিবার ভোর থেকে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

মাইজদী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন থাকবে। সেইসাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

১৯ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৯ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

২১ ঘণ্টা আগে