সুনামগঞ্জে ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুনের (৭০) স্বামী মৃত হাসান উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মা ও ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় রেজিয়া খাতুনকে ধারালো দা দিয়ে কোপান নুরু আলম। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে। পরে নুরু আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।











-9d4e46-256x144.webp)
-47dead-256x144.webp)




