আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আশুলিয়ার শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে দুই শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে কাজে যোগ দেন। তবে এনভয়, হলিউড, দ্য রোজ এবং হামিম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়েও দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের সরে যেতে বলে। তখন তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করলে দুই শ্রমিক আহত হন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে চার থেকে পাঁচজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

আহত দুই শ্রমিক হলেন স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর রাজিয়া বেগম এবং ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেন। তাদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

রাজিয়া বেগম বলেন, ‘কারখানা সাধারণ ছুটি দিলে আমরা শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই পুলিশ আমাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।’ হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাজিয়ার মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে আতঙ্কে আশপাশের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেন, শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য কারখানা থেকে বের হলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে বিজিবিও মাঠে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad