নড়াইল-২: দলীয় প্রার্থীর বিপরীতে মাঠে বিএনপির একাংশ

কার্ত্তিক দাস, নড়াইল
ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো নড়াইলেও গণসংযোগ ও নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নড়াইল-২ সংসদীয় আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ভেতরে চরম বিভক্তি দেখা দিয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর ২৪ ডিসেম্বর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করে বিএনপি।

এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি ড. ফরিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করে।

এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মনিরুল ইসলাম। তার সমর্থক-অনুসারীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন বলে জানা গেছে। আর এতে বিপাকে পড়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান।

নড়াইল-২ আসনের একাধিক বাসিন্দা জানান, স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে মূলত ধানের শীষ প্রতীকের ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে অন্য প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন বলে মনে করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, মো. মনিরুল ইসলামের পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান শান্টু, সাধারণ সম্পাদক মিলু শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী সক্রিয় রয়েছেন।

নড়াইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. তবিবুর রহমান মনু বলেন, “যারা কোনোদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির সদস্যও নন— রহস্যজনক কারণে তাদের দলীয় মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।”

তিনি আরও বলেন, “এ ধরনের সিদ্ধান্তে আসন হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী আসন রক্ষায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন।” কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই না করায় বিদ্রোহী প্রার্থিতার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, “মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তার পক্ষে দলের কিছু পদধারী নেতা প্রচারণায় নেমেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “ধানের শীষের ভোট কেটে অন্য প্রার্থীকে বিজয়ী করতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করছেন।” তার দাবি, বিএনপির সিংহভাগ নেতাকর্মী বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষেই কাজ করছেন এবং তিনিই বিজয়ী হবেন।

অন্যদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বলেন, “মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দল গোছানোর কাজ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেলখাটা নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার বাড়িতে ভাঙচুর ও লুটপাটও হয়েছে। এতো কিছুর পরও তার মনোনয়ন কেড়ে নেওয়া হয়েছে।” সাধারণ মানুষের অনুরোধেই মো. মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।

মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভক্তি প্রসঙ্গে জানতে চাইলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মো. মনিরুল ইসলাম নিজেই নির্বাচনে নেমেছেন।”

তিনি অভিযোগ করেন, দলের কিছু নেতাকর্মী তার বিপক্ষে কাজ করে তাকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলার চেষ্টা করছেন। বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আমি মনিরুল ইসলামের বাসায় গিয়েছিলাম, বাসায় তালা ঝুলছিল। ভেবেছিলাম তার হাত দিয়েই আমার মনোনয়নপত্র জমা দেব। কিন্তু সে সুযোগটুকু পেলাম না।” তবে দলের সম্মান রক্ষায় শেষ পর্যন্ত মো. মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের অনুসারীরা। তাদের দাবি, তারা বিএনপি প্রার্থীর পক্ষেই নির্বাচনি প্রচারে কাজ করছেন।

মো. মনিরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো দলের প্রার্থী নন। নড়াইলের সাধারণ মানুষের অনুরোধে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নিজেকে দল-মত নির্বিশেষে নড়াইলের সকল মানুষের প্রার্থী দাবি করে তিনি কলস প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে