টঙ্গীতে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তাহসিফ সাউরি (বাঁয়ে) ও টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
তাহসিফ সাউরি (বাঁয়ে) ও টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্য জানান। তিনি বলেন, তাহসিফ মিরপুর-২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে মোটরসাইকেলটি কেনেন তাহসিফ। তবে সেটির এখনো নিবন্ধন করা হয়নি।

গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তাহসিফের লাশ উদ্ধারের পর মামলা করতে নিজের ‘অনীহার’ কথা জানিয়েছিলেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তবে শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অভিযোগ দেন তিনি। এর ভিত্তিতে হত্যা মামলা হয়। মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়নি।

মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ। এ মামলায় দীপ এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। এদিকে এ মামলায় জেরিকা তাসনিম দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে (পানশালা) তাহসিফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

শনিবার রাতে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad