সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ‘ছুরিকাঘাতে খুন’, ছেলে গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ‘ছুরিকাঘাতে খুন’ হয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। এ ঘটনায় তার ছোট ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মাকে ছুরিকাঘাত করেন তাহসিন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তাহসিন মায়ের ঘরে ঢুকে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে আফিয়া আক্তারের মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত আফিয়া আক্তারের দুই ছেলে। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে থাকতেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, বাসা থেকেই তাহসিনকে আটক করা হয়। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, তাহসিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।








-9cb87c-256x144.webp)





