তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরির সঙ্গে এক তরুণীকে উত্তরার একটি বারে প্রবেশ করতে দেখা যায়। ছবি: সংগৃহীত
সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরির সঙ্গে এক তরুণীকে উত্তরার একটি বারে প্রবেশ করতে দেখা যায়। ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে (পানশালা) তাহসিফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। জিজ্ঞাসাবাদের জন্য দিশাকে সাত দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে নৌ-পুলিশ।

গতকাল শনিবার রাতে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তার সাত দিনের রিমান্ড আবেদন করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠান আদালত।

তাহসিফের লাশ উদ্ধারের পর মামলা করতে নিজের ‘অনীহার’ কথা জানিয়েছিলেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তবে শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অভিযোগ দেন তিনি। এর ভিত্তিতে হত্যা মামলা হয়। মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়নি। পরে দীপ ও দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

তাহসিফের লাশ উদ্ধারের পর নৌ-পুলিশের যে ইউনিট তদন্তের দায়িত্ব পেয়েছে, তারাই দিশাকে হেফাজতে নিয়েছে। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে ছিলেন এই তরুণী।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের ডাকে’ বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। বৃহস্পতিবার দীপ জানিয়েছিলেন, একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি।

এরপর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গীর মাজার বস্তি এলাকা মূলত ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত। তাহসিফের সঙ্গে মধ্যরাতে ওই এলাকায় যাওয়ার কথা স্বীকার করেছেন দীপ। পরে শুক্রবার পিবিআই কর্মকর্তারা তাকে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad