সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই দিন সাভারের হেমায়েতপুরেও শ্রমিকদের বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে গেলেও কাজে যোগ দেননি। তাঁরা কারখানার ভেতরে অবস্থান করেন। সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকেরা পদ্মার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে সাভারের অন্য পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। এসব ঘটনায় কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি।

বেলা ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও তাদের সেখানে থাকতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভার থানার ওসি মোহাম্মদ সাইফুল আলমও জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে সেখানকার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad