অবরোধে অচল খাগড়াছড়ি-রাঙ্গামাটি, বন্ধ দূরপাল্লার যানবাহন

সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ ও ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ অভ্যন্তরীণ সব রুটে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
অবরোধকারীরা সকালে দক্ষিণ খবর পড়িয়া এলাকায় ভোর থেকে বিভিন্ন স্থানে পিকেটারদের টায়ার জ্বালাতে দেখা গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে ফেলে। তবে অবরোধের কারণে এখনো কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজ আলী খাঁন জানান, অবরোধে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীকেও রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস–সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাঠ ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধের ঘোষণা দেয়।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।













