রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার শরীরের দুই পা ও পিঠসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়েছে এবং সে সেখানে কেন গিয়েছিল—তা তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জে হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।














