চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তারেক সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কোরবান আলী বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুন দম্পতির ছেলে। অন্যদিকে, আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী—এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে তারেক ও তাফসির গুলিবিদ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।















