যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার ভোরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট কমে ১০৭ ডলার এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট কমে ১০৪ ডলারে নেমে এসেছে।
এর আগের দিন মঙ্গলবার সৌদি আরবের সরবরাহ সংকট এবং ইউরোপে রফতানি কমানোর খবরে মে মাসের পর বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিস্টিলেটের মজুদ উল্টো ৭.১ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা বিশ্লেষকদের প্রায় ১.৬ মিলিয়ন ব্যারেল ঘাটতির পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে।
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ মজুত বাড়লেও বৈশ্বিক বাজারে মূল সরবরাহ ঘাটতি পুরোপুরি কাটেনি। লোহিত সাগরের বিকল্প হিসেবে সৌদি আরব প্রতিদিন যে ৪ মিলিয়ন ব্যারেল তেল পথ পরিবর্তন করে পাঠাত, পাইপলাইন বন্ধ থাকায় তা বর্তমানে ব্যাহত হচ্ছে। মার্কিন প্রশাসন আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ চালুর আশা করলেও পাইপলাইনের সংস্কার কাজ শেষ হতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।
















