তেলের দাম ফের ছাড়াল ১০০ ডলার, কমছে পুঁজিবাজারের সূচক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা না হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব ফের পড়েছে জ্বালানির বাজারে। আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ফের ১০০ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে পুঁজিবাজারের সূচকে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা।
মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্কে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৭ ডলারে। মার্কিন বেঞ্চমার্কেও (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) এর দাম বেড়েছে ৮ শতাংশের বেশি, পৌঁছে গেছে ১০৪ দশমিক ৫৬ ডলারে।
এদিকে সোমবার সকালে মার্কিন পুঁজিবাজারের সূচক ডো ফিউচারস কমেছে ১ দশমিক ০৪ শতাংশ, এর ফলে সূচকটি ৫০২ পয়েন্ট হারিয়েছে। এ ছাড়া এসঅ্যান্ডপি৫০০ ফিউচারস সূচক কমেছে ১ শতাংশ, নাসড্যাক ফিউচারস সূচক পড়ে গেছে ১ দশমিক ১৫ শতাংশ।
গত শনিবার ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্থায়ী করাসহ দ্বিপাক্ষিক সমাধান আনতে আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কোনো সমঝোতা ছাড়াই সে আলোচনা শেষ হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের ঘোষণা দেন। পরে ইরান জানিয়েছে, তারাও হরমুজে নজরদারি বাড়িয়েছে।
















