বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বুধবার সোনার দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) গত সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। নীতিনির্ধারকদের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের নতুন বার্তার অপেক্ষায় এই স্থবিরতা তৈরি হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৭ ডলারে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'নাগা ডটকম'-এর বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, "সোনার দাম বাজারে বর্তমানে তুলনামূলক স্থিতিশীল হলেও এটি সামান্য নিম্নমুখী প্রবণতা দেখাতে পারে।"

তিনি আরও জানান, ফেডের বৈঠকের বিবরণী থেকে তাদের মুদ্রানীতি এবং সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের সুনির্দিষ্ট অবস্থানের চিত্রটি স্পষ্ট হবে। এটি ভবিষ্যতে সুদের হারের হিসাব বদলে দিতে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের আয়, মার্কিন ডলার বা জ্বালানি তেলের দামের পরিবর্তনও সোনার বাজারে প্রভাব বিস্তার করতে পারে।

ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি জানিয়েছেন, সুদের হার আরও বাড়ানো হবে কি না তা নির্ভর করছে মূল্যস্ফীতি সৃষ্টিকারী উপাদানগুলো কমার ওপর। অন্যদিকে কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেন, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, উচ্চ সুদের হারের বাজারে বিনিয়োগকারীরা সাধারণত অলাভজনক খাতের সোনা বিক্রির দিকে ঝুঁকে যেসব সম্পদ থেকে নিয়মিত আয় বা লভ্যাংশ পাওয়া যায় সেগুলোতে বিনিয়োগ বাড়ান।

তবে ইতালির সোরেস্তোতে অনুষ্ঠিত 'লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন'-এর বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মতে, আগামী ১২ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ১৩ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ এবং সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা 'অর্থবহ' মাত্রায় কমিয়ে আনতে হবে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দর প্রায় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ১২ ডলারে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৪ ডলারে পৌঁছালেও প্যালাডিয়ামের দর শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ ডলারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement