দেশের বাজারে সোনার দাম আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়িয়েছে। আজ শনিবার সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা দাম বাড়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (২৮ নভেম্বর) সকালে সোনার নতুন দাম ঘোষণা করে। এর আগে গতকাল শুক্রবার ভরিতে ১ হাজার ৫০ টাকা এবং বৃহস্পতিবারও একই পরিমাণ দাম বেড়েছিল। ফলে তিন দিনে ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
দাম বাড়ার আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
সোনার দামের সঙ্গে ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের আলাদাভাবে ভ্যাট দিতে হবে না।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা।
বিশ্ববাজারেও দাম বেড়েছে
আন্তর্জাতিক বাজারেও শুক্রবার সোনার দাম বেড়েছে। কয়েক দিনের দরপতনের পর কম দামে সোনা কেনার প্রবণতা তৈরি হওয়ায় বাজারে এর চাহিদা বাড়ে। একই সঙ্গে মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে আসা এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দরপতনের পর অনেক বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ খুঁজছিলেন। শুক্রবার সেই প্রবণতা জোরালো হলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়ে যায়। পরে অবশ্য দাম বাড়ার হার কিছুটা কমে আসে। নিউইয়র্কের বাজারে শুক্রবার সোনার স্পট মূল্য ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৬৩৯ ডলার ৬১ সেন্টে দাঁড়ায়।
এর আগে টানা দরপতনের মধ্যে বুধবার সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৪২৬ ডলার ৩৫ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের আগস্টের পর এটিই ছিল আন্তর্জাতিক বাজারে সোনার সর্বনিম্ন দাম।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে— এমন আশঙ্কা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সুদের হার বাড়লে সাধারণত সোনার দামে চাপ তৈরি হয়। কারণ সোনা থেকে সুদ পাওয়া যায় না। বিপরীতে সুদ পাওয়া যায় এমন বন্ডসহ অন্যান্য বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে সোনায় বিনিয়োগের চাহিদা কমতে পারে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামনে কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে মার্কিন ডলারের গতিপ্রকৃতি, ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত এবং বিনিয়োগকারীদের চাহিদার ওপর।

















-4084b9-256x144.webp)