ক্যাশলেস অর্থনীতিতে ভূমিকা রাখছে বাংলা কিউআর— ঢাবির মতবিনিময় সভায় গভর্নর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। বাংলা কিউআর দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও সম্প্রসারণে সহায়ক হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এহতেশামুল হক খান বলেন, ডিজিটাল লেনদেন সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে। ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ও মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আরও দ্রুত একটি ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি লাইভ ট্রানজেকশন প্রদর্শনী, সচেতনতামূলক উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।












-1bec3e-256x144.webp)






