জ্বালানি তেলের দাম অপরিবর্তিত নভেম্বরেও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন— টানা দ্বিতীয় মাসের মতো চার ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সবশেষ গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করেছিল সরকার, অক্টোবরের পর সেই একই দাম নভেম্বর মাসেও বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক আদেশে নভেম্বর মাসে জ্বালানির দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এ আদেশের ফলে নভেম্বর মাসেও ভোক্তারা প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় কিনতে পারবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওই আদেশে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বশেষ নির্ধারিত ওই দাম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়। ওই সময় চার ধরনের তেলের দামই প্রতি লিটারে বাড়ানো হয় ২০ টাকা করে। এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা।

এর আগে গত ১৮ এপ্রিলও প্রতি লিটারে প্রকারভেদে জ্বালানি তেলের দাম বেড়েছিল ১২ থেকে ২০ টাকা পর্যন্ত। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিনের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৩০ টাকা, পেট্রোলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad