বিদেশি আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় রাখতে পারবে হোটেল-রিসোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিদেশি আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।

রোববার (২৫ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ দিতে পারবে। বাকি অর্থ টাকায় রূপান্তর করতে হবে।

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ পরিশোধ করা যাবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ সুবিধার ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে এবং বৈদেশিক মুদ্রার অবশিষ্ট অংশ টাকায় রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহও বজায় থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad