আইএমএফের নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক বিভিন্ন সংস্কার কার্যক্রমে বর্তমান সরকার একমত হয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
সোমবার সকাল সাড়ে ৮টায় থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।
এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি। নতুন ঋণ চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে সরকার। তবে চুক্তির শর্ত, ঋণের পরিমাণ ও অর্থ ছাড়ের সময়সীমা চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনো আলোচনার ওপর নির্ভর করছে।















