তেল-ডিম-চালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপণ্যের দাম সিন্ডিকেট করে বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্যপণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের ওপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট তৈরি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বাড়ানোর মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে বলে বৈঠকে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড বিতরণের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থায়ী কমিটি। প্রকৃত প্রাপকরাই যেন এসব কার্ড পান, সে বিষয়ে সচেষ্টা থাকতেও আহ্বান জানিয়েছে।
এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কমিটি। বাংলাদেশকে বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশও করা হয়। সর্বোপরি দেশের সব পর্যায়ে সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের জনবল, দপ্তর ও সংস্থার কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।
বৈঠকে কমিটির মাধ্যমে বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা-জ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক ও আব্দুল মুনতাকিম বৈঠকে অংশ নেন। বৈঠকে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











-588a39-256x144.webp)




