হেরিটেজ রেস্টুরেন্ট: সুফি সংগীতের আবহে মোগল খাবারের রাজকীয় আয়োজন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সুফি সংগীতের আবহে মোগল খাবারের রাজকীয় আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্ট। ছবি: সংগৃহীত
সুফি সংগীতের আবহে মোগল খাবারের রাজকীয় আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্ট। ছবি: সংগৃহীত

মোগল আমলের ঐতিহ্যবাহী খাবার, সুফি সংগীত আর রাজকীয় সাজসজ্জা— সব মিলিয়ে ভিন্নধর্মী আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্ট। রাজধানীর ব্যস্ততার মধ্যে অতিথিদের জন্য ইতিহাস, সংস্কৃতি ও খাবারের স্বাদ মিলিয়ে বিশেষ অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে রেস্টুরেন্টটি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রথম পর্ব। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এই আয়োজনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে সংগীত পরিবেশনা ও বিশেষ খাবারের পর্ব।

রেস্টুরেন্টে প্রবেশের পর থেকেই অতিথিদের স্বাগত জানায় সুফি সংগীতের সুর। গানে উঠে আসে প্রেম, বিরহ ও আত্মিক উপলব্ধির নানা অনুষঙ্গ। মঞ্চে সংগীত পরিবেশনার পাশাপাশি অতিথিদের টেবিলে পরিবেশন করা হয় মোগল আমলের রন্ধনশৈলী অনুসরণে তৈরি বিভিন্ন পদ। আলো, সাজসজ্জা ও সংগীতের সমন্বয়ে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।

শুক্রবার সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই অংশ নেন এ আয়োজনে। মোগল আমলের পোশাকে পরিবেশনকর্মীরা অতিথিদের খাবার পরিবেশন করেন। খাবারের স্বাদ ও পরিবেশনায় মোগল সংস্কৃতির আভিজাত্য তুলে ধরার চেষ্টা ছিল আয়োজকদের।

আয়োজকদের ভাষ্য, মোগল খাবারের সঙ্গে বাংলার খাদ্যসংস্কৃতির ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। সেই ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সমসাময়িক পরিবেশে উপস্থাপন করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। অতিথিরা যেন খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি মোগল আমলের রন্ধনশৈলী, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও জানতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আট সপ্তাহের এই আয়োজন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থাকছে সংগীতের আলাদা পরিবেশনা। আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত। ১৩ নভেম্বর থাকবে নব্বইয়ের দশকের হিন্দি গান এবং ২০ নভেম্বর নজরুলগীতি।

এ ছাড়া ২৭ নভেম্বর পরিবেশিত হবে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর থাকছে পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

সংগীতের ভিন্ন ধারা ও ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে প্রতি সপ্তাহে অতিথিদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চায় হেরিটেজ রেস্টুরেন্ট। আয়োজকদের প্রত্যাশা, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ খাবার ও সংগীতপ্রেমীদের জন্য উপভোগ্য আয়োজন হয়ে উঠবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad