পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন

ময়মনসিংহ ও নেত্রকোনার পাঁচ উপজেলার ১০০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তাদের প্রত্যেকের হাতে একটি করে মেশিন তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নারীদের আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সেলাই মেশিন পাওয়া নারীদের একজন রুমা। স্বামীহারা এই নারী দুই সন্তানকে নিয়ে ১২ বছর ধরে একাই সংসার সামলাচ্ছেন। আর্থিক সংকটে তার ছেলের পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সেলাই প্রশিক্ষণ ও মেশিন পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। সেলাইয়ের কাজ করে সংসারের খরচ চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনাও চালিয়ে যেতে চান রুমা।
কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইল ও গৌরীপুর এবং নেত্রকোনার বারহাট্টা, নেত্রকোনা সদর ও দুর্গাপুর উপজেলার ২০ জন করে মোট ১০০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সম্প্রতি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে এ কর্মসূচির শেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে তিনি বলেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা গ্রুপ সেলাই মেশিন উপহার দিচ্ছে। এর মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারবেন, সংসারে সচ্ছলতা আনতে পারবেন এবং নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবেন।
ইমদাদুল হক মিলন আরও বলেন, বসুন্ধরা গ্রুপের কাছ থেকে সেলাই মেশিন পেয়ে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। তাদের কেউ একটি মেশিন দিয়ে কাজ শুরু করে পরে আরও ১০টি মেশিন কিনেছেন। তারা সন্তানদের লেখাপড়া করানোর পাশাপাশি নিজেরাও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ কেউ অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশংসনীয়। তিন মাসের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তোলার পর তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এতে তারা নিজেরা আয় করার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের জীবনমান উন্নত করবেন এবং তাদের সাফল্য অন্য নারীদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করবে।
দুর্গাপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বসুন্ধরা শুভসংঘের সিনিয়র উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক এবং নির্মলেন্দু সরকার বাবুল।















-4f9dc6-256x144.webp)



