বৃষ্টির মধ্যেও আইসিসিবিতে জমজমাট সুপার সেল কার বাজার
-4f9dc6-480x270.webp)
রাজধানীতে দিনভর বৃষ্টির মধ্যেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সুপার সেল কার বাজার। শুক্রবার আয়োজিত এ বাজারের ষষ্ঠ পর্বে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখতে ভিড় করেন গাড়িপ্রেমীরা। ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ায় আয়োজনের সময়ও এক ঘণ্টা বাড়িয়েছেন আয়োজকেরা।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আইসিসিবির এক্সপো ভিলেজে প্রতি শুক্রবার বসছে এ বাজার। গত পাঁচ সপ্তাহের সাফল্যের পর ষষ্ঠ পর্বেও ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে প্রাণবন্ত ছিল আয়োজনটি।
শুক্রবার সকাল থেকে বৃষ্টি হলেও এক্সপো ভিলেজের ভেতরে চলেছে গাড়ি দেখা ও কেনাবেচা। কেউ পছন্দের গাড়ি খুঁজেছেন, কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করেছেন। আবার কেউ গাড়ি কেনার জন্য ব্যাংকঋণের সুবিধা সম্পর্কে খোঁজ নিয়েছেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারাও নিজেদের গাড়ি নিয়ে এসেছেন।
এ বাজারে শুধু নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি নয়, মোটরসাইকেল কেনাবেচারও সুযোগ রয়েছে। বিক্রেতারা দালালের মধ্যস্থতা ছাড়াই নিজেদের ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রি করতে পারছেন। অন্যদিকে, ক্রেতারাও একই জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন দেখার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের মতে, গাড়ি কেনার জন্য একের পর এক শোরুম ঘুরতে গিয়ে ক্রেতাদের যে সময় ও শ্রম ব্যয় হয়, এ আয়োজন তা অনেকটাই কমিয়ে এনেছে। এখানে প্রায় ৫০টি শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা এক জায়গাতেই পাওয়া যাচ্ছে।
এক্সপো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আবহাওয়ার কারণে গাড়ি দেখা বা কেনাবেচায় বিঘ্ন ঘটছে না বলে জানিয়েছেন আয়োজকেরা। ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং দালালমুক্ত লেনদেনের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের “সুপার সেল কার বাজার”-এর ষষ্ঠ পর্ব চলছে, যা বিগত প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব কার বাজারে পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।’
মেহেদী হাসান মোল্লা আরও বলেন, ঢাকায় সন্ধ্যার দিকে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় আয়োজনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে সুপার সেল কার বাজার।













-4572aa-256x144.webp)


