বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৭
বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানেও এ উদ্যোগ নেওয়া হয়।

লামা উপজেলা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে আলীকদম, বান্দরবান সদর, রোয়াংছড়ি এবং সর্বশেষ রুমা উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। পাঁচ উপজেলায় মোট ১০০ অসচ্ছল নারী এই সহায়তা পেয়েছেন। সম্প্রতি রুমা উপজেলার মুনলাই পাড়া কালচারাল সেন্টারে শেষ পর্বের অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাবেদ রাউজান, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া থের, স্থানীয় পাড়াপ্রধান ও বিএনপির নেতারা। দুর্গম রুমায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক সীমিত হওয়ায় প্রশিক্ষণ ও সেলাই মেশিনকে স্থানীয় নারীরা নতুন আয়ের সুযোগ হিসেবে দেখছেন।

রুমা অগ্রবংশ অনাথালয়ে বেড়ে ওঠা নাইউচিং মার্মা প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ছোটবেলায় মা-বাবাকে হারানো নাইউচিং বলেন, ‘ছোট থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। এই সেলাই মেশিন আমার নিজের পায়ে দাঁড়ানোর সাহস আরও বাড়িয়ে দিল।’

একই অনুষ্ঠানে সেলাই মেশিন পাওয়া চাময়া ম্রোর বাবাও মারা গেছেন, আর তাঁর মা মানসিকভাবে অসুস্থ। দুই বোন জুম চাষ করে সংসার চালানোর পাশাপাশি চাময়া বান্দরবান সরকারি কলেজে অনার্সে পড়ছেন। তিনি বলেন, ‘এটি আমার জন্য নতুন আয়ের পথ তৈরি করবে এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে। বসুন্ধরাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, দুর্গম এলাকার অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ একটি মানবিক উদ্যোগ। এতে নারীরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাবেদ রাউজান বলেন, প্রশিক্ষণ ও মেশিন বিতরণের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া থেরও উদ্যোগটির প্রশংসা করে বলেন, এতে নারী ও কিশোরীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। বসুন্ধরা শুভসংঘ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ ও সেলাই মেশিন সহায়তার মাধ্যমে ইতোমধ্যে তিন হাজারের বেশি নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। বান্দরবানের ১০০ নারীকে দেওয়া এই সহায়তাও সেই ধারাবাহিকতার অংশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ