সিমেন্টশিল্পের আধুনিকায়নে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বসুন্ধরার সমঝোতা

দেশের সিমেন্টশিল্পে উৎপাদন সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। এ অংশীদারির আওতায় প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান বিনিময় ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মেঘনা সিমেন্ট ও বিআইসিএলের পক্ষে স্বাক্ষর করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।
সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট ও বিআইসিএলকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে চীনা প্রতিষ্ঠানটি। উৎপাদনপ্রক্রিয়ার আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কারখানার কার্যকারিতা বাড়াতে দুই পক্ষ কাজ করবে। তবে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের সিমেন্টশিল্পের আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে। দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ বলেন, সিমেন্ট কারখানা পরিচালনা ও শিল্পপ্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুয়াংসি ইউফেংয়ের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববাজারের অস্থিরতা, নৌপথে পণ্য পরিবহনের জটিলতা এবং বিভিন্ন অঞ্চলের যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এ সহযোগিতা সহায়ক হতে পারে।
তিনি বলেন, গুয়াংসি ইউফেংয়ের প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরবরাহব্যবস্থাকে আরও দক্ষ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের উৎপাদনপ্রক্রিয়া ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোও এ অংশীদারির লক্ষ্য।
গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন বলেন, চীনের সিমেন্ট উৎপাদনশিল্পে সিনোমা শিয়ামেন অন্যতম পুরনো ও বৃহৎ প্রতিষ্ঠান। সিমেন্টশিল্পে প্রতিষ্ঠানটির সমন্বিত সরবরাহব্যবস্থা ও উন্নত উৎপাদনপ্রযুক্তি রয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সঙ্গে সহযোগিতার সুযোগ পেয়ে তারা আনন্দিত। যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সিমেন্টশিল্পের রূপান্তর ও উন্নয়নে অবদান রাখতে চান তারা।
অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট, বিআইসিএল ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ানসহ অন্য কর্মকর্তারা। এ ছাড়া সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং ও জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই অনুষ্ঠানে যোগ দেন।











-4f9dc6-256x144.webp)





