পদোন্নতি পেয়ে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে ১০ নতুন ডিএমডি

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন ১০ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে সরকার। মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন তারা। এবার পদোন্নতি পেয়ে তারা ডিএমডি হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অন্য এক প্রজ্ঞাপনে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) একজন নতুন ডিএমডি পেয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকে সেখানকার ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে সেখানকার ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানাকে ডিএমডি করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের।
এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে আইসিবির ডিএমডি এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও সাফায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
















