‘যথাযথ সম্মান না দেওয়ায়’ বিরোধীদলীয় নেতা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি: জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: জামায়াতের ফেসবুক পেজ
মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’র উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছে তার দল জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেওয়ায় অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন গোলাম পরওয়ার।

এর আগে গতকাল সোমবার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী সংশয় প্রকাশ করেন, যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা জাতীয় সংসদে জায়গা পেয়েছেন, তারা আদৌ জুলাইয়ের চেতনা ধারণ করেন কি না।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা খেয়াল করছি, দেশের দেশের মানুষ দেখছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে বিরোধিতা আপনারা করেন। আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোন ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহিদদের সাথে গাদ্দারি করা হবে, একইভাবে একাত্তরের এর মুক্তিযোদ্ধাদের সাথেও একইভাবে গাদ্দারি করা হবে।”

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, “ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী, তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী। কিন্তু আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যাননি। ফলে আমরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি। প্রধানমন্ত্রী যে অসত্য ও হাস্যকর তথ্য তুলে ধরেছেন, আমরা তার নিন্দা জানাই।”

জামায়াত জুলাইয়ের চেতনা ধারণ করে না— বিএনপির এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না— বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে।”

দুর্নীতি ও দলীয়করণের জন্য সরকারের সমালোচনা করায় জামায়াতকে ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে চিহ্নিত করার অভিযোগও করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “আমরা যদি সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বলি, তখন আমরা নাকি রাষ্ট্রের বিরোধিতা করি। তারা এসব বলে একদলীয় কর্তৃত্ব কায়েম করার মাধ্যমে ফ্যাসিবাদকে ও আওয়ামী লীগকে ফেরার পথ করে দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব ও মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad