ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব শোভাযাত্রার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, “একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের বিপ্লব র‌্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন, আজকের এই র‌্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।

“একই সাথে যে গণতন্ত্রকে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছে, সেই গণতন্ত্রকে রক্ষার দিন হোক।”

শোভাযাত্রায় অংশ নিতে দুপুর ১২টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। কর্মসূচি ঘিরে কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত পুরো এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে জনসমাগম ঘটে।

বেলা সোয়া ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান। পরে তিনি নিজেও শোভাযাত্রায় অংশ নেন।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে সমর্থন চেয়ে তিনি বলেন, “আপনারা কি আমাদের সাথে আছেন?” জবাবে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান।

শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট মোড় হয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। অনেকে বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে কর্মসূচিতে অংশ নেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad