বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার

অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর রাজধানীর ৩টি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ১৪ জন নেতাকর্মীকে স্থায়ী ও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিলুপ্ত ঘোষিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে—৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি।

কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতার নাম উঠে আসার পর এই কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলের পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এই নির্দিষ্ট সহিংসতার কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম ও মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। একই সঙ্গে শাহআলী থানা বিএনপির খলিল চৌধুরী, 'সি' ব্লক ইউনিটের আনোয়ার হোসেন এবং মহানগর উত্তরের সদস্য হাফিজুর রহমান শুক্কুকে পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

যুবদলের বিজ্ঞপ্তিতে মেয়াাদোত্তীর্ণ হওয়ার কথা বলে উত্তর যুবদলের কমিটি বিলুপ্তির বিষয়টি উল্লেখ করা হলেও, ছাত্রদল তাদের মহানগর পশ্চিম কমিটি বিলুপ্তির পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে সারোয়ার আলম পিয়াস ও ইকবাল হোসেন দিপুসহ ৫ জন নেতাকে বহিষ্কার করেছে।

এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দারুসসালাম থানা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ ২ জন এবং শ্রমিক দলের শাহআলী ও দারুসসালাম শাখার ৪ জন নেতাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে পল্লবী এলাকার বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement