ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১০০ কোটি ডলার দেবে আইডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার চুক্তি সইয়ের পর আইডিবির প্রেসিডেন্ট মুহাম্মদ আল জাসেরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টরা। ছবি: পিএমও
বৃহস্পতিবার চুক্তি সইয়ের পর আইডিবির প্রেসিডেন্ট মুহাম্মদ আল জাসেরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টরা। ছবি: পিএমও

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের চুক্তি সই করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে চুক্তিটি সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

বাংলাদেশের পক্ষে অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও আইডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন। ছবি: পিএমও
বাংলাদেশের পক্ষে অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও আইডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন। ছবি: পিএমও

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে এর ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি করেন সই করেন।

উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রকল্পের আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

চুক্তি সই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসের। এ সময় বাংলাদেশ ও আইএসডিবির উন্নয়ন অংশীদারত্ব, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, তিন দিনের সফরে গতকাল বুধবার ঢাকায় এসেছেন মুহাম্মদ আল জাসের। তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক মূলত এর সদস্য দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে থাকে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement