পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারতীয় দূত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের পর বুধবার প্রথম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের পর বুধবার প্রথম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুপক্ষের কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন দীনেশ ত্রিবেদী।

রোববারের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তারা বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানতে চান মন্ত্রীর কাছে। তবে খলিলুর রহমান বৈঠকের আলোচনা নিয়ে কিছু বলেননি। তিনিও কেবল জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে সবশেষ উত্তেজনা ছড়িয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাইভ বক্তৃতা দেওয়ার ঘটনা। বাংলাদেশ ওই অনুষ্ঠান নিয়ে আগেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলে। বলেছিল, দেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য যেন প্রচার হতে না পারে।

ভারত অবশ্য ওই অনুষ্ঠানের কোনো দায় নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো যোগসূত্র নেই। ওই অনুষ্ঠানের পর পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়ে কঠোর ভাষায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়ে নতুন করে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এরপরই পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় দূতের বৈঠক হলো আজ রোববার।

এর আগে রোববার বিকেলেই রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জনগণের নেতা’।

এই দুই শীর্ষ নেতা তথা দুই সরকারপ্রধানের মধ্যে বৈঠক হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলেও মন্তব্য করেন ত্রিবেদী। বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তাই। আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement