জনপ্রশাসনসহ ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত
মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রশাসনে বড় ধরনের রদবদল এনে চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করেছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার আলাদা প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এত দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকা মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। চুক্তির মেয়াদ বাড়ানোর ১৫ দিনের মাথায় তাকে পদ পরিবর্তন করা হলো।

এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুই মন্ত্রণালয়ের তিন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম পদোন্নতি পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে দায়িত্ব পান। ছয় মাসের মাথায় তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. এহছানুল হককে ২০২৪ সালের ১৭ আগস্ট চুক্তিতে দুই বছরের জন্য সচিবের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সে সময় অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

তাদের মধ্যে এহছানুল হকও ছিলেন। প্রথমে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছিল। গত বছরের ১২ অক্টোবর তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এবার তাকে পরিকল্পনা কমিশনে পাঠানো হলো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement