ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ‘পারমাণবিক মহাপ্রলয়’ দেখছেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১: ২১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়’ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপেও আঘাত হানতে সক্ষম। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সক্ষমতা তেহরানের নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) গালফ নিউজর খবরে বলা হয়, বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন। ফ্লোরিডার মার-আ-লাগোতে নিজের বাসভবন থেকে তিনি ওই ফোনালাপে অংশ নেন। এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, দেশটি ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারলেও যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে না।

ট্রাম্প বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা আছে, আমাদের কাছে পৌঁছানোর নয়।’ ইরানকে অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তাদের কোনো সামরিক সক্ষমতা নেই... আমরা যদি কিছু করতাম, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতাম। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা দেখিনি।’

‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না’

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন ট্রাম্প। এতে ইসরায়েলসহ অঞ্চলের অন্য দেশগুলোও ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের নেতাদের ‘পাগল’ আখ্যা দিয়ে ট্রাম্প আবারও বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমি তাদের সম্পর্কে জেনেছি। সত্যি বলতে, তারা পাগল। তারা পাগল। এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।’

মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই ওয়াশিংটনের লক্ষ্য। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল আমাদের প্রয়োজন নেই। তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি।

‘ন্যাটোর প্রধানের সঙ্গে ইরান নিয়ে আলোচনা’

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও ইরান প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ইরান নিয়ে আলোচনা করেছি। তিনিও চান না যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক।’

ট্রাম্প জানান, বৈঠকে গ্রিনল্যান্ড নিয়েও কথা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আলোচনার বড় অংশ জুড়ে ছিল বলে জানান তিনি।

ইরানকে রাশিয়া-চীনের সহায়তার খবর নাকচ

মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাদা এক আলাপচারিতায় ইরানকে রাশিয়া ও চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে— এমন খবরের গুরুত্ব কমিয়ে দেখান ট্রাম্প। এসব তথ্য ব্যবহার করে তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছিল।

ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অসাধারণ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, সংঘাতে চীনের সম্পৃক্ততা সীমিত। তার মতে, বেইজিং সরাসরি সামরিক পদক্ষেপ নিলে সেটিকে আরও বড় ধরনের সম্পৃক্ততা হিসেবে বিবেচনা করা হতো।

অন্য দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তৎপরতা চালায় বলে স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরাও একই কাজ করি। আর তারা যখন বলে, তারা হয়তো আমাদের ওপর নজরদারি করছে, তখন মনে রাখতে হবে, আমরাও তাদের ওপর নজরদারি করি।’

ইরানকে রাশিয়ার গোয়েন্দা সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মস্কো তেমন কোনো সহায়তা দিচ্ছে বলে তিনি মনে করেন না। রাশিয়া ও চীন— দুই দেশই সংঘাতের অবসান চায় এবং এ লক্ষ্য অর্জনে তাকে সহায়তা করছে বলেও দাবি করেন তিনি।

উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সেনাদের সঙ্গে ফোনালাপ

এদিকে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ এবং নিরাপদে থাকার শুভকামনা জানান তারা।

ইউএইর আল ধাফরা বিমানঘাঁটিতে মোতায়েন অ্যাটাক স্কোয়াড্রন ৩১২-এর সদস্যদের সঙ্গে কথা বলেন ট্রাম্প ও মেলানিয়া। এ সময় তারা বলেন, লাখো মার্কিন নাগরিক তাদের নিরাপত্তা ও সাফল্যের জন্য প্রার্থনা করছেন।

তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে আপনাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার সময় মনে রাখবেন, লাখো মার্কিন নাগরিক আপনাদের নিরাপত্তা ও অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করছেন।’

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৫১০তম মিশন জেনারেশন ফোর্স এলিমেন্টের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। তাদের নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১ম ব্যাটালিয়ন, ৭ম আকাশ প্রতিরক্ষা আর্টিলারি রেজিমেন্টের সদস্যদের উদ্দেশেও বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, “চমৎকার কাজ করেছেন!” আপনারা যে কাজ করছেন, তা অসাধারণ।’

ইউএসএস পোর্টল্যান্ডের নাবিকদের সঙ্গেও ফোনালাপ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টল্যান্ডে থাকা নাবিকদের সঙ্গেও ফোনে কথা বলেন ট্রাম্প ও মেলানিয়া। দেশের বাইরে দায়িত্ব পালন এবং পরিবারের কাছ থেকে দূরে থাকার কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তারা।

ট্রাম্প ও মেলানিয়া বলেন, ‘প্রিয়জনদের কাছ থেকে দূরে সময় কাটানো সহজ নয়। তবে আমাদের দেশকে নিরাপদ ও শক্তিশালী রাখার জন্য আপনারা যে কাজ করছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’

নৌবাহিনীর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন ট্রাম্প। এর মধ্যে আসন্ন আর্মি-নেভি ফুটবল ম্যাচ নিয়েও একটি প্রশ্ন ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসব ফোনালাপের ভিডিও প্রকাশ করা হয়।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতেই ট্রাম্প এসব মন্তব্য করলেন।

তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য বলে বারবার উল্লেখ করেছেন ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা চায় বলেও বলে আসছেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad