মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২৩: ৪২
গত ৮ মে আরব সাগর পাড়ি দিচ্ছিল যুদ্ধবিমানবাহী মার্কিন রণতনরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: সংগৃহীত
গত ৮ মে আরব সাগর পাড়ি দিচ্ছিল যুদ্ধবিমানবাহী মার্কিন রণতনরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে মানসিক চাপ এতটাই বেড়েছে যে কয়েকজন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। একাধিক নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্য ও সহকর্মীরা।

নিউইয়র্ক টাইমস, মিলিটারি টাইমস ও স্টার অ্যান্ড স্ট্রিপসের খবরে বলা হয়েছে, মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফেরার কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার চাপ নাবিকদের মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন পরিবার ও জাহাজের কয়েকজন সদস্য। এক নাবিকের স্ত্রী জানান, তার স্বামী অতিরিক্ত কাজের চাপে ভেঙে পড়ার পর জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্য একটি ঘটনায় একজন নাবিককে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার আগে সহকর্মীরা ধরে ফেলেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সান দিয়েগোতে নৌ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক টাউন হল বৈঠকে পরিবারের সদস্যরা এসব উদ্বেগ সরাসরি তুলে ধরেন। বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক নারী কর্মকর্তাদের জানান, সেদিনই তার স্বামী বার্তা পাঠিয়ে বলেছিলেন, ‘তিনি আশা করছেন, আগামীকাল যেন তার ঘুম না ভাঙে।’ কর্মকর্তারা জাহাজে মানসিক স্বাস্থ্য কর্মী, চিকিৎসক ও চ্যাপলিন থাকার কথা জানিয়ে আরও মানসিক স্বাস্থ্য পেশাজীবী পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানান।

নাবিক ও তাদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাহাজে থাকার পাশাপাশি খাবার ও পানির ঘাটতি, মেইল সরবরাহে বিঘ্ন, দীর্ঘ কর্মঘণ্টা ও বন্দরে নামার সুযোগের অভাব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। সাধারণত বিমানবাহী রণতরীগুলো ৩০ থেকে ৪৫ দিন পরপর বন্দরে থামে, যেন জ্বালানি ও সরঞ্জাম নেওয়ার পাশাপাশি নাবিকেরা বিশ্রামের সুযোগ পান। কিন্তু আব্রাহাম লিংকন রেকর্ড সময় ধরে এমন বিরতি ছাড়াই সমুদ্রে রয়েছে।

নৌ বাহিনী অবশ্য জানিয়েছে, জাহাজে পরিচ্ছন্ন পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রতিবেলার খাবারে দুটি প্রোটিনের ব্যবস্থা রয়েছে। মানসিক স্বাস্থ্যের বিষয়টিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে দাবি করেছে তারা। তারপরও প্রচলিত সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় রসদ সরবরাহে সমস্যা তৈরির পেছনে মধ্যপ্রাচ্যে যুদ্ধকে দায়ী করেছে মার্কিন নৌ বাহিনী।

এদিকে পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসেও উদ্বেগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটররা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌ বাহিনী সচিবের কাছে জাহাজটির পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। তাদের অভিযোগ, খাবার, পানি, প্লাম্বিং, মানসিক স্বাস্থ্য ও ডাকব্যবস্থা— সব ক্ষেত্রেই সমস্যার খবর পাওয়া যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত’ বলে দাবি করেছেন। পানামায় সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি জাহাজ ও নাবিককে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে জাহাজে থাকা ও বন্দরে স্বাভাবিকের তুলনায় কম থামার কারণে নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলেও তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন হেগসেথ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement