ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, ট্রাম্প বললেন ‘দারুণভাবে জিতছি’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৭
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তি করতে চাইছে। কারণ, তারা ভয়াবহভাবে হারছে।...আমরা দারুণভাবে জিতছি।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি টেনেসির উদ্দেশে রওনা হচ্ছিলেন।

যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কূটনৈতিক উদ্যোগ নেয় ইরান। তেহরান জানিয়েছিল, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠানো হয়েছে। ওই প্রস্তাবের আওতায় কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসান ঘটানোর কথা বলা হয়েছিল।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।...আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে।...আমরা দারুণভাবে জিতছি।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা যা করতে চায়, তা হলো দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।’

বর্তমানে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, ইরানও তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হতে দিচ্ছে না।

ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর মধ্যেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন— এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাব নাকচ করেছেন। ইরান তার দাবিগুলো পূরণ করবে কি না, তা নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বোমা হামলা চালানো হতে পারে বলে ট্রাম্প তার কর্মীদের জানিয়েছেন।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement