মার্কিন ৬ সামরিক ঘাঁটির ফ্রিজার বিকল, ‘সাইবার হামলা’ সন্দেহ পেন্টাগনের

ডেস্ক, রাজনীতি ডটকম
ফ্রান্সের প্যারিসের একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের হিমায়িত খাবারের শেলফে ফাঁকা ফ্রিজার দেখা যাচ্ছে। ফ্রান্সের সুপারমার্কেট চেইনগুলোর হিমায়নব্যবস্থায় সাইবার হামলার এক দিন পর, ১৩ অক্টোবর ২০২৬। ওই হামলায় কয়েকটি দোকানে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডও ঘটে। ছবি: রয়টার্স
ফ্রান্সের প্যারিসের একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের হিমায়িত খাবারের শেলফে ফাঁকা ফ্রিজার দেখা যাচ্ছে। ফ্রান্সের সুপারমার্কেট চেইনগুলোর হিমায়নব্যবস্থায় সাইবার হামলার এক দিন পর, ১৩ অক্টোবর ২০২৬। ওই হামলায় কয়েকটি দোকানে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডও ঘটে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ঘাঁটিতে খাদ্য সংরক্ষণের ফ্রিজার অস্বাভাবিকভাবে বিকল হওয়ার ঘটনাকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে তদন্ত করছে পেন্টাগন। গত আগস্টে এসব ঘাঁটির খাদ্য বিক্রয়কেন্দ্রে ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। এতে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে যায়।

চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, একই ধরনের সাইবার হামলায় চলতি মাসের শুরুতে ফ্রান্সের সুপারমার্কেটগুলোর বাণিজ্যিক ফ্রিজার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও খতিয়ে দেখছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এ বিষয়ে ফরাসি তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা।

তবে পেন্টাগনের তদন্তের অগ্রগতি, হামলার নেপথ্যে কারা রয়েছে কিংবা কীভাবে এসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডের একটি ইউনিট অন্যান্য সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চালাচ্ছে। সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগও জানিয়েছে, তাদের সাইবার ফিল্ড অফিস এ কাজে যুক্ত রয়েছে। ইউরোপে শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় ঘটে যাওয়া বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে তারা।

ফ্রান্সের প্যারিসের একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের বাইরে নষ্ট হয়ে যাওয়া খাবারের বাক্স রাখা হয়েছে। ১৩ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্সের প্যারিসের একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের বাইরে নষ্ট হয়ে যাওয়া খাবারের বাক্স রাখা হয়েছে। ১৩ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

রয়টার্সের লিখেছে, গত আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ঘাঁটির কমিসারিতে (সেনাসদস্যদের খাদ্যপণ্য কেনার কেন্দ্র) ফ্রিজার বিকল হয়ে যায়। অ্যারিজোনার ফোর্ট হুয়াচুকার ফেসবুক পেজে ২৬ আগস্ট জানানো হয়, একটি ফ্রিজার ডিফ্রস্ট মোডে চলে গিয়েছিল। ফলে শীতল হওয়ার পরিবর্তে ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং সব খাবার নষ্ট হয়ে যায়।

অর্থাৎ, এসব ক্ষেত্রে ফ্রিজার কেবল বন্ধ হয়ে যায়নি; কোনো কোনো যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণের সেটিংসও পরিবর্তন করা হয়েছিল।

ফ্রান্সেও একই ধরনের ঘটনা

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ঘটনার আগে ফ্রান্সেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। এতে দেশটির ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সুপারমার্কেটগুলো থেকে নষ্ট হয়ে যাওয়া হিমায়িত খাবার সরিয়ে ফেলতে হয়। কোনো কোনো ফ্রিজারের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে সেগুলোতে আগুন ধরে যায়।

এক সুপারমার্কেট মালিকের ধারণা, দেশ জুড়ে এ ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরোতে পৌঁছাতে পারে।

ফ্রান্সের নঁত শহরের কাছে একটি সুপারমার্কেটে সাইবার হামলার পর বন্ধ রাখা হয়েছে হিমায়িত খাবারের বিক্রয়কেন্দ্র। ১২ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্সের নঁত শহরের কাছে একটি সুপারমার্কেটে সাইবার হামলার পর বন্ধ রাখা হয়েছে হিমায়িত খাবারের বিক্রয়কেন্দ্র। ১২ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

।।।

রয়টার্সকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্রান্সে হামলাটি তুলনামূলক সহজে চালানো সম্ভব হয়েছিল। ক্ষতিগ্রস্ত অনেক ফ্রিজারের নিয়ন্ত্রক যন্ত্র তৈরি করেছিল ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব যন্ত্রের অনেকগুলোই পুরোনো অথবা হালনাগাদ করা হয়নি এমন ফার্মওয়্যারে চলছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্যানফসের তৈরি যন্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

খাদ্য সরবরাহব্যবস্থায় বড় ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজার ও হিমায়নব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হলে খাদ্য সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এর আগেও বিভিন্ন দেশে এ ধরনের হামলার নজির রয়েছে। ২০২২ সালে রাশিয়া ও ইসরায়েলের কয়েকটি সুপারমার্কেটে পুরোনো নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করে সাইবার হামলা চালানো হয়েছিল।

এ ছাড়া গত বছরের ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় কৌঁসুলিরা ২০২৪ সালে একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার হিমায়নব্যবস্থা অচল করে দুই হাজার পাউন্ডের বেশি মাংস নষ্ট করার অভিযোগে এক ইউক্রেনীয় নারীর বিরুদ্ধে অভিযোগ আনেন।

শিল্পপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সংস্থা জোনা সিস্টেমসের প্রধান নির্বাহী বিল মুর বলেন, আগে যেসব নিয়ন্ত্রক যন্ত্র সরাসরি কারিগরি কর্মীদের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হতো, সেগুলো এখন ইন্টারনেটে যুক্ত হচ্ছে। ফলে হ্যাকারদের জন্য এসব ব্যবস্থায় প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। তাঁর ভাষায়, এ ধরনের হামলা খাদ্য সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad