আলোচনায় ফিরতে সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি আলোচনা ফের শুরুর বিষয়ে সম্মতি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চালানো ওই হামলায় অন্তত দুজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আগামী ১০ নভেম্বরের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা ফের শুরু করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পর আলোচনার নতুন পর্ব শুরুর কথা বলা হয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্টের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রুশ বাহিনী কিয়েভে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় অন্তত ২১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে তিনটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল। ডিনিপ্রো নদীর ওপর দক্ষিণের সেতু, আবাসিক ভবন, জ্বালানি অবকাঠামো, অ্যাম্বুলেন্স স্টেশন, কার্যালয় ও একটি ক্লিনিক হামলার লক্ষ্যবস্তু হয়।

একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর পেচেরস্কি এলাকায় আঘাত হানে। এতে একটি মঠসহ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি হামলাটিকে ‘ইচ্ছাকৃত’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, কোন অস্ত্র ব্যবহার করা হবে, কোথায় আঘাত হানা হবে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কতটা হবে— সবকিছুই পরিকল্পিত ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আরেক দফা আলোচনার প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়া একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এর অর্থ হলো, যা ঘটছে সে বিষয়ে রাশিয়ার মনোভাবের প্রকৃত কোনো পরিবর্তন হয়নি।’

এদিকে রাশিয়াও রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

‘মানবিক’ পুতিনের প্রশংসার পরেই হামলা

কিয়েভে হামলার আগে পুতিনের সঙ্গে বৈঠকে উইটকফ রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে ‘মানবিক’ বলে বর্ণনা করেন। উইটকফ সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনি নিজেও একজন মানবিক মানুষ, স্যার।’

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করে জেলেনস্কি লেখেন, বুধবার সন্ধ্যা থেকে কিয়েভে রুশ ‘মানবিক’ বাহিনী তিন দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘তুষ্টি, নতজানু আচরণ ও তোষামোদ’ রুশ আগ্রাসন বন্ধ করতে পারবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ও উইটকফের পুতিনকে ‘মানবিক’ বলার বক্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে। ডাউনিং স্ট্রিটের ভাষ্য, রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে ‘হাজারও’ ইউক্রেনীয় ও রুশ সেনা নিহত হয়েছেন।

আলোচনার সম্মতি, নাকি নতুন হামলার প্রস্তুতি?

কিয়েভের কর্মকর্তাদের আশঙ্কা, আলোচনায় ফেরার কথা বললেও রাশিয়া আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসের চেষ্টা চালাতে পারে। শীত সামনে রেখে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা বাড়ার আশঙ্কা রয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে গোয়েন্দা সতর্কবার্তা দেওয়া শুরু করেছে। একই সময়ে ইউক্রেনের ড্রোন প্রতিরোধ সক্ষমতা নিয়েও ওয়াশিংটন-কিয়েভের টানাপোড়েন চলছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট সেবায় গতি কমে যাওয়ার পর ট্রাম্প ইলন মাস্ককে সেটি পুনরায় গতি বাড়ানোর অনুরোধ করেছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্টারশিল্ডের সংযোগে সমস্যা তৈরি হওয়ার পর ইউক্রেনের রাশিয়ামুখী বহু সশস্ত্র ড্রোন আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad