আফগান শিক্ষার্থী ও চিকিৎসকদের ১২ অক্টোবরের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানের কোনো মেডিকেল বা নন-মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আফগান শিক্ষার্থীদের ভর্তি করা যাবে না। একই সঙ্গে দেশটির হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা দেওয়া আফগান চিকিৎসকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) একটি নির্দেশনা জারি করেছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬ অক্টোবরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিএমডিসির চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানে এমবিবিএস ও বিডিএস কোর্সে আফগান শিক্ষার্থীদের ভর্তি এবং স্নাতকোত্তর চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া এ-সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে তিন কর্মদিবসের মধ্যে পিএমডিসিতে জমা দিতে বলা হয়েছে। পরে এসব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, স্বীকৃত মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তানের সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।















-53f3c9-256x144.webp)

