যুক্তরাষ্ট্রে আইসিইর অভিযানে নিউইয়র্ক বিএনপি নেতা মাকসুদ গ্রেপ্তার
-984704-480x270.webp)
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল মাকসুদ।
শুক্রবার (৬ নভেম্বর) বাফেলোতে নিজের কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন স্ত্রী। সোমবার তার জামিনের আবেদন করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অভিবাসনবিরোধী অভিযান কিছুটা শিথিল হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে বাস্তবে অভিযান আরও জোরদার হয়েছে। নির্বাচনের পরদিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিন দিনে অন্তত ২৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
আজহারুল মাকসুদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও। কারণ স্ত্রী-সন্তান নিয়ে বেশ ক’বছর যাবত বসবাস করছিলেন আজহারুল। অভিবাসনের আইন লঙ্ঘন ছাড়া আর কোনো অপরাধে লিপ্ত ছিলেন না।”
আজহারুলকে প্যারোলে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান জসিমউদ্দিন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ আইনজীবীর পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড ও পাসপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেন। জসিমউদ্দিন বলেন, “ইমিগ্রেশন পুলিশ এখন সব জায়গায় অভিযান পরিচালনা করছে।”
নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৩৯০ মাইল দূরে নায়াগ্রা জলপ্রপাতের কাছে অবস্থিত বাফেলোতে সাম্প্রতিক বছরগুলোতে অর্ধলক্ষাধিক বাংলাদেশি বসতি গড়েছেন। সেখানে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত ৫১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডজনখানেক বাংলাদেশিও রয়েছেন বলে কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওই অঞ্চলে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ৯০০। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের ৭৫ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা ছিল না।














