‘আগাম হামলা’ হতে পারে— ইসরায়েলকে ইঙ্গিত করে হুঁশিয়ারি ইরানের

শত্রুদের ওপর ‘আগাম হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ হুমকির ক্ষেত্রে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রতি ইঙ্গিত করেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইরানের নবগঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ গত মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়।
কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ‘ইরানের অভ্যন্তরে যেকোনো আগ্রাসন বা অব্যাহত শত্রুতামূলক আচরণের জবাব দেওয়া হবে উপযুক্ত, কঠোর ও দৃঢ়ভাবে।’
এ ছাড়া কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পালটা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে।
২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। কাউন্সিল বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছে ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।
এই হুঁশিয়ারির দুই দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সমন্বয়ে সামরিক মহড়া চালিয়েছে। এসব মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর প্রস্তুতি যাচাই করা।
ইরানের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে, ঠিক তখন এ বিবৃতি জারি করা হলো।
ইরানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক পত্রিকা তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর মাধ্যমে কাউন্সিলের দেওয়া বার্তাই আবার নিশ্চিত করা হলো।



















