সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলছে

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।
সেখানে সন্ত্রাসীদের সঙ্গে এখনও যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর আরও জানায়, আহত শান্তিরক্ষীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আটজন সামরিক পর্যবেক্ষক, ৩১ জন কর্মী ও এক হাজার ৩৯৯ জন সেনা সদস্যসহ দক্ষিণ সুদানে বাংলাদেশের মোট এক হাজার ৪৩৮ জন নিয়োজিত আছেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে।
তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ওয়েবসাইট বলছে, শান্তিরক্ষী বাহিনীতে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি সদস্য এক হাজার ৬৩১ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এ গৃহযুদ্ধের সূত্রপাত হয়।
সম্প্রতি সেনাবাহিনীকে হটিয়ে এল-ফাশার নামে একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরএসএফ। এরপর সেখানে শুরু হয় নৃশংস গণহত্যা।
গত নভেম্বরে জাতিসংঘ সুদানের সাম্প্রতিক পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছিল।
দেশটিতে চলা গৃহযুদ্ধে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ, বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।


















