আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, দমকলকর্মী-পুলিশসহ নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২: ৩৭
অগ্নিনির্বাপণ হেলিকপ্টার। ফাইল ছবি: সংগৃহীত
অগ্নিনির্বাপণ হেলিকপ্টার। ফাইল ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে প্রশিক্ষণ উড়ানের সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য ও সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের খবরে বলা হয়, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি প্রতিবেশী লা রিওহা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে প্রশিক্ষণ মিশনে ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইসচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্ক এলাকায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দেশটির নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তা জার্মান বিদেলার বন্ধু ও স্থানীয় সাংবাদিক মরিসিও দাভিলা জানান, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগেও তিনি বিদেলার সঙ্গে কথা বলেছিলেন। উদ্ধারকারী দলের বরাত দিয়ে তিনি বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে হাজারো টুকরোয় ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

হেলিকপ্টারটি লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়ার কথা ছিল। সপ্তাহের শুরু থেকে প্রদেশটির পাহাড়ি এলাকায় একাধিক দাবানল জ্বলছে। স্থানীয় দমকলকর্মীদের ভাষ্য, গত তিন দিনে এসব আগুনে কয়েক শ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement