ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত, রাতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত, রাতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ভিএআরের দুটি সিদ্ধান্ত ভুটানের অনুকূলে গেলেও শেষ পর্যন্ত ভারতের জয় আটকাতে পারেনি তারা। দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ভারত শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখা ভুটানকে বিদায় নিতে হয়েছে। অন্যদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত ১৪তমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।

এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে জয়ী দল আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে।

শনিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও ভুটান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। অষ্টম মিনিটে লুঙ্গদিমের ফ্রি কিকে প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন বিষ্ণু পুথিয়াল। এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ২৭তম মিনিটে কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে আলতো টোকায় গোল করেন কনশ্যাম সিং। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাস থেকে হেডে গোল করেন কিনজ্যাং তাশি টবডেন। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সাহায্যে পরীক্ষা করে দেখা যায়, অফসাইড হয়নি। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে এবং ব্যবধান কমিয়ে ২-১ করে ভুটান। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তির ব্যবহার হয় এই ভারত-ভুটান সেমিফাইনালেই।

ম্যাচের ৬৫তম মিনিটে আবারও ভিএআরের সহায়তা নেন রেফারি। ডি বক্সে হ্যান্ডবলের অভিযোগে প্রথমে ভারতকে পেনাল্টি দেওয়া হলেও ভিডিও পর্যালোচনায় দেখা যায়, হ্যান্ডবল হয়নি। পরে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ভুটান। সতীর্থের ক্রসে দেইচং দর্জির হেড পাস থেকে ফাঁকায় থাকা কিমজ্যাং তেনজিং হেড করতে ব্যর্থ হন। সুযোগটি কাজে লাগাতে না পারার হতাশা দেখা যায় ভুটানের খেলোয়াড়দের মধ্যে। কিছুক্ষণ পরই শেষ বাঁশি বাজান রেফারি।

২০১৮ সালের আসর ছাড়া প্রতিবারই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল দলটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad